ABOUT

About Rajib Nandy

  • Teacher
  • Researcher
  • Former Journalist
  • Media Trainer

I explore the intersections of media, communication, and society. My work bridges research, teaching, and practice to strengthen democratic understanding and civic engagement.

BIOGRAPHY

রাজীব নন্দী একজন শিক্ষক, গবেষক, বিশ্লেষক-সাংবাদিক এবং গণমাধ্যম প্রশিক্ষক। সাংবাদিকতা, গণমাধ্যম, রাজনৈতিক যোগাযোগ ও ডিজিটাল সমাজের পরিবর্তনশীল বাস্তবতা নিয়ে তিনি দীর্ঘদিনের অনুসন্ধান, চিন্তাচর্চা ও কাজে সক্রিয়।

তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক (শিক্ষা ছুটিতে)। ২০১২ সাল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংবাদিকতা, গণযোগাযোগ, নতুন গণমাধ্যম ও ডিজিটাল যোগাযোগ বিষয়ে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। একই সঙ্গে তিনি ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অব জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে ডক্টোরাল স্কলার হিসেবে পিএইচডি গবেষণা করছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই তিনি যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১০ সালে সুইডেনের ইয়ংশেপিং ইউনিভার্সিটির স্কুল অব এডুকেশন অ্যান্ড কমিউনিকেশনে মিডিয়া স্টাডিজে উচ্চশিক্ষা গ্রহণ করেন। আন্তর্জাতিক এই শিক্ষানুভব তাঁর গবেষণা, শিক্ষাদান ও গণমাধ্যম বিশ্লেষণের দৃষ্টিভঙ্গিকে আরও বিস্তৃত ও বহুমাত্রিক করেছে।

একাডেমিক জীবনে প্রবেশের আগে তিনি প্রায় চার বছর বাংলাদেশের দুটি প্রচারসমৃদ্ধ জাতীয় দৈনিক—সমকাল ও কালের কণ্ঠে পেশাদার সাংবাদিক হিসেবে কাজ করেছেন। ২০১১ সালে কিংবদন্তি সম্পাদক আবেদ খান সম্পাদিত জাগরণ পত্রিকার পরিকল্পনা ও প্রকাশ-উদ্যোগপর্বের কনিষ্ঠ সদস্যদের একজন ছিলেন তিনি। সংবাদমাধ্যম, রাজনীতি ও সমাজকে ঘিরে তাঁর কৌতূহল, পর্যবেক্ষণ ও অনুসন্ধিৎসাই পরবর্তীকালে তাঁর শিক্ষকতা ও গবেষণার বৌদ্ধিক ভিত্তি নির্মাণ করেছে।

তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র রাজনৈতিক যোগাযোগ, গণমাধ্যম ও গণতন্ত্র, নতুন গণমাধ্যম, ডিজিটাল সাংবাদিকতা, সংবাদপত্রের পৃষ্ঠাসজ্জায় প্রযুক্তি ও বৈচিত্র্য, নিউ মিডিয়া ও মোবাইল জার্নালিজম, বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে গণপিটুনির মাত্রা এবং গণমাধ্যম ও রাজনীতির আন্তঃসম্পর্ক। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন গবেষণাধর্মী সাময়িকীতে তাঁর একাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

শ্রেণিকক্ষের বাইরেও জ্ঞানচর্চাকে বিস্তৃত করার প্রয়াসে তিনি বাংলাদেশ ও ভারতে প্রায় পঞ্চাশটির মতো ওয়ার্কশপ পরিচালনা করেছেন। ভারত-বাংলাদেশ সীমান্ত সংঘাত বিষয়ক তাঁর একটি যৌথ গবেষণাপত্র সুইডেনের লুন্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপিত হয়েছে। এছাড়া দিল্লি, পশ্চিমবঙ্গ, আগরতলা, উড়িষ্যা, আসাম, বিহার ও রাজস্থানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা, নিউ মিডিয়া, ডিজিটাল স্টোরিটেলিং এবং পলিটিক্যাল কমিউনিকেশন বিষয়ে ওয়ার্কশপ পরিচালনা, গবেষণাপত্র উপস্থাপন ও বিশেষ বক্তৃতা দিয়েছেন।

একাডেমিক কাজের পাশাপাশি তিনি স্বাধীন সাংবাদিকতা, বিশ্লেষণধর্মী লেখালেখি এবং গণমাধ্যম-পরামর্শ কার্যক্রমের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলাম, মতামত নিবন্ধ এবং সমসাময়িক বিষয়ভিত্তিক বিশ্লেষণ প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবে একাধিক প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছেন।

রাজীব নন্দীর কাজের কেন্দ্রে রয়েছে একটি মৌলিক বিশ্বাস—দায়িত্বশীল গণমাধ্যমচর্চা, সমালোচনামূলক চিন্তার বিকাশ এবং গণতান্ত্রিক যোগাযোগ সংস্কৃতির প্রসার ছাড়া একটি সুস্থ সমাজ নির্মাণ সম্ভব নয়। সেই বিশ্বাস থেকেই তিনি শিক্ষক, গবেষক, বিশ্লেষক-সাংবাদিক ও গণমাধ্যম প্রশিক্ষক—এই বহুমাত্রিক পরিচয়ের মধ্য দিয়ে জ্ঞান, জনপরিসর ও নাগরিক আলাপচারিতার মধ্যে সংযোগ তৈরির চেষ্টা করে চলেছেন।

তিনি নিজেকে কেবল একজন শিক্ষক বা সাংবাদিক হিসেবে সীমাবদ্ধ রাখেন না; বরং একজন বাঙালি চিন্তক ও মতামত নির্মাতা হিসেবে স্বাধীনচেতা, উদারনৈতিক ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে বুদ্ধিবৃত্তিক অবদান রাখাকে নিজের দায়িত্ব বলে মনে করেন।

পেশাগত পরিচয়ের বাইরে তিনি একজন নিবেদিত পাঠক, বই ও দুষ্প্রাপ্য সংবাদপত্রের সংগ্রাহক, সিনেমাপ্রেমী এবং ভ্রমণানুরাগী। নতুন মানুষ, নতুন শহর এবং নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া তাঁর অন্যতম প্রিয় অনুরাগ। তাঁর জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যাসন্তানের জনক।

নিজ দেশের বাইরে যে শহরটি তাঁর কাছে সবচেয়ে আপন, সেটি কলকাতা— স্মৃতি, সংস্কৃতি ও অনুভবের এক বিশেষ ভূগোল। শিক্ষা, সাংবাদিকতা, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক অনুসন্ধানের এই নিরন্তর যাত্রাই তাঁর কাজ, চিন্তা এবং পরিচয়ের মূল ভিত্তি।

Associate Professor

Department of Communication and Journalism University of Chittagong

PhD Research Scholar

School of Journalism and Mass Communication, Jadavpur University, India

Former Journalist

Over a decade in political journalism, reporting on development, politics, and public affairs.

Media Consultant & Trainer

Training media professionals and institutions across the region in mobile journalism and digital storytelling.